খাল খননে দুর্নীতি হলে কোন ক্ষমা নাই: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ০২:৩২ পিএম, ২৩ মার্চ ২০২৬ সোমবার
খাল খনন কর্মসূচিতে যেন অনিয়ম না হয়, সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কেউ দুর্নীতি অনিয়ম করলে তাদের কোন ক্ষমা করা হবে না। তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদীর পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি কৃষি, কৃষকের উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খননকৃত নদীতে মাছ ও হাসঁ পালনের আহবান জানান।
তিনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে কৃষকসহ সকল ক্ষেত্রে প্রভাব পড়তে শুরু করেছে। যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে।
মির্জা ফখরুল বলেন, গম ঝড় বৃষ্টিতে পড়ে গেছে। আলু বৃষ্টিতে শুয়ে পড়েছে। আমাদের কৃষকের ভাগ্য এটাই। এসব সমস্যা আমরা বুঝি। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কৃষি ঋণ মওকুফের। আমরা করে দিয়েছি।
বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সাহায্য হবে এমন কাজগুলো করছেন। ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সারাদেশে কয়েক কোটি নারীকে কার্ড দেওয়া হবে। এটার মাধ্যমে তারা সহযোগিতা পাবে। আমাদের সব প্রজেক্টগুলো সম্পন্ন করা হবে। গোটা দেশে ২০ হাজার খাল খনন করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ জেলা বিএনপি'র বিভিন্ন নেতাকর্মীরা।
এএইচ
