ঢাকা, সোমবার   ২৩ মার্চ ২০২৬,   চৈত্র ৯ ১৪৩২

পাবনায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ-অফিস ভাঙচুর, আহত ৩০

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২৩ মার্চ ২০২৬ সোমবার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ, অফিস ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট, পোস্ট অফিস মোড়সহ আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে জড়িয়ে পড়ে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের সমর্থকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন অভিযোগে উভয়পক্ষ সকালে পৃথকভাবে সংবাদ সম্মেলন করে। পরে শহরে বিক্ষোভ মিছিল বের করলে একপর্যায়ে দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা করলেও একপর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের সময় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের কার্যালয় ভাঙচুর করা হয়। এছাড়া তার সমর্থকদের অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর এবং কয়েকটিতে অগ্নিসংযোগ করা হয়। 

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

এএইচ