ঢাকা, সোমবার   ২৩ মার্চ ২০২৬,   চৈত্র ৯ ১৪৩২

চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ২৩ মার্চ ২০২৬ সোমবার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি অসহায় পরিবারের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে পুরো জেলাজুড়ে। একুশে টেলিভিশনে সংবাদ প্রচারের পর বিষয়টি পৌঁছে যায় বিএনপির শীর্ষ পর্যায়ে। 

এরপরই ঘটনায় নতুন মোড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা। 

নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া এলাকায়  ৫০ লাখ টাকার চাঁদা দাবিকে কেন্দ্র করে এক পরিবারের ওপর নেমে আসে তাণ্ডব। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট সব মিলিয়ে অসহায় হয়ে পড়ে পরিবারটি।

ঘটনাটি একুশে টেলিভিশনে নিউজ প্রচারের পর জেলাজুড়ে শুরু হয় ব্যাপক আলোড়ন হয়। বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপর তিনি নিজ অর্থায়নে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। 

তিনি জেলা বিএনপিকে দায়িত্ব দেন অসহায় হয়ে পরিবারটি কাছে যেতে। সোমবার বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে যান মামুন মাহমুদসহ বিএনপির নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ঘর পুনর্নির্মাণে সহায়তার আশ্বাস দেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ১ লাখ টাকা সহায়তা দেওয়া হচ্ছে। যদি বিএনপির কেউ এই ঘটনার সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।

এ সময় তিনি আরও বলেন, বিএনপির বহিষ্কৃত নেতা গিয়াস উদ্দিনের অনুসারী যারা এ ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে তারা প্রকৃত বিএনপির কেউ নন। দলীয় পরিচয়ে কেউ অপরাধ করলে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

এদিকে, একুশে টেলিভিশনের প্রতিবেদন প্রকাশের পরই প্রশাসন সক্রিয় হয়ে উঠেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

একুশে টেলিভিশনকে ধন্যবাদ জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। তারা অভিযুক্তদের গ্রেপ্তারে দাবি করেছেন।

একটি সংবাদই বদলে দিল পুরো পরিস্থিতি প্রশাসনের তৎপরতা, রাজনৈতিক প্রতিক্রিয়া আর সহায়তার হাত। এখন দেখার বিষয়, অভিযুক্তদের বিরুদ্ধে কত দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়।

এএইচ