ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ৯ ১৪৩২

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালনের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩ এএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৮:৫৬ এএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার

আগামী ২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। 

সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী, ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই ব্ল্যাক-আউট পালন করা হবে।

তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ এ কর্মসূচির আওতার বাইরে থাকবে। 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, দিবসটির পবিত্রতা ও গাম্ভীর্য রক্ষায় ২৫ মার্চ রাতে দেশের কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।

এর আগে গত ৮ মার্চ সচিবালয়ে এক প্রস্তুতিমূলক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না।

উল্লখ্য, ২৫ মার্চের এই প্রতীকী অন্ধকার মূলত একাত্তরের সেই কালরাতের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে জাতীয় ঐক্যের বহিঃপ্রকাশ হিসেবে পালন করা হবে।

এএইচ