ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার খবর ইরানের অস্বীকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের সাথে ‘ফলপ্রসূ আলোচনা’র বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচ দিনের জন্য দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। তবে তেহরান ওই আলোচনার কথা অস্বীকার করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যে সমঝোতা আলোচনার কথা বলেছেন, তা সঠিক নয়।”

সিবিএস নিউজকে উদ্ধৃত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, “ইরান তার অবস্থানে অটল রয়েছে, আর তা হলো যুদ্ধের মাধ্যমে ইরানের লক্ষ্যসমূহ অর্জিত হওয়ার আগে যেকোনো ধরনের আলোচনা প্রত্যাখ্যান করা।”

এর আগে ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক এসএনএন, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের আধাসামরিক বাহিনী 'বাসিজ স্টুডেন্ট অর্গানাইজেশন'-এর সাথে যুক্ত একটি সংবাদ সংস্থা, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ‘বেনামী সূত্র’কে উদ্ধৃত করে জানিয়েছে যে, ‘আলোচনার খবর অস্বীকার’ করেছে দেশটির সরকার।

হরমুজ প্রণালি ‘আক্রমণকারীদের জন্য বন্ধ’ই থাকবে বলে জানিয়েছে এসএনএনের ওই খবর। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের নাম প্রকাশ করা হয়নি।

এর আগে, আইআরজিসির সাথে সংশ্লিষ্ট ফার্স এবং তাসনিম সংবাদ সংস্থাও নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে একই ধরনের খবর প্রকাশ করেছিল।

ফার্স জানিয়েছে যে, “ট্রাম্পের সাথে (ইরানের সরকারের) প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো যোগাযোগ” হয়নি এবং তিনি অর্থাৎ ট্রাম্প “পিছিয়ে গেছেন”। অন্যদিকে, তাসনিম জানিয়েছে যে “কোনো আলোচনা” হচ্ছে না।

এখন পর্যন্ত নাম প্রকাশ করে কোনো ইরানি কর্মকর্তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মধ্যপ্রাচ্য সংঘাতের ‘পূর্ণাঙ্গ ও সার্বিক সমাধান’ নিয়ে ইরানের সাথে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে। পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোর ওপর কোনো ধরনের হামলা স্থগিত রাখবেন তিনি। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে তিনি এসব তথ্য জানান।

এএইচ