ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

কলম্বিয়ায় সেনা নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫ এএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার

কলম্বিয়ার পুতুমায়ো প্রদেশে ১২১ জন সেনা নিয়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ৬৬ জন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

সোমবার (২৩ মার্চ) পুয়ের্তো লেগুইজামো এলাকায় উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘হারকিউলিস সি-১৩০’ মডেলের বিমানটিতে ১১০ জন সেনা এবং ১১ জন ক্রু ছিলেন। পুয়ের্তো লেগুইজামো বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র দুই কিলোমিটারের মাথায় বিমানটি বিকল হয়ে একটি মাঠে আছড়ে পড়ে। 

দুর্ঘটনার পরপরই ঘন বনাঞ্চল ঘেরা মাঠটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

পৌরসভার ডেপুটি মেয়র কার্লোস ক্লারোস জানান, স্থানীয় বাসিন্দারা নিজস্ব সরঞ্জাম নিয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে।

একটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, ছয়জন বিমান বাহিনীর সদস্য এবং দুজন পুলিশ কর্মকর্তাসহ ৫৮ জন নিহত হয়েছেন। 

তবে দুটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে যে, দুর্ঘটনায় মোট ৬৬ জন নিহত হয়েছেন।

কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাটিকে ‘দেশের জন্য অত্যন্ত দুঃখজনক’ বলে বর্ণনা করে জানান, বিমানটিতে আগুন লাগার ফলে এর ভেতরে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হয়।

দেশটির বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা জানিয়েছেন, আহতদের ফিরিয়ে নিতে বিশেষ ব্যবস্থাসম্পন্ন দুটি এয়ার-অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে।

বিধ্বস্ত হারকিউলিস বিমানটি ২০২০ সালে যুক্তরাষ্ট্র উপহার হিসেবে দিয়েছিল। চারটি শক্তিশালী ইঞ্জিনবিশিষ্ট এই বিমানটি কেন উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় মুখ থুবড়ে পড়ল, তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

এএইচ