নিয়ন্ত্রণ হারিয়ে গাছে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ১০:৫১ এএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১১:০৮ এএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার
চুয়াডাঙ্গায় আত্মীয় বাড়ি বেড়াতে গিয়ে ফেরার পথে গাছে প্রাইভেটকারের ধাক্কায় যশোরের মণিরামপুরের এক পরিবারের তিন জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই পরিবারের আরও তিন সদস্য।
সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বাঘারপাড়া উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।
নিহতরা হলেন– মণিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা মণিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির চার বছরের মেয়ে শেহেরিশ।
আহতরা হলেন– জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) এবং ছেলে সামিন আল মাস (১০)। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা আত্মীয়বাড়ি থেকে প্রাইভেট কারে যশোরের মণিরামপুরে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের গাইদঘাটে পৌঁছলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারালে একটি বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, রাতেই মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এএইচ
