স্বাস্থ্য খাতে কোন অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার
স্বাস্থ্য খাতের কোন অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, যেসব হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করবে তাদের লাইসেন্স বাতিল করা হবে।
ঈদের বন্ধের পর আজ মঙ্গলবার প্রথম কার্য দিবসে সচিবালয়ে শুভেচ্ছা বিনিময়ে শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের এই কার্যক্রম চলবে। কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আমরা এখন ধরেছি আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত। এই এলাকায় যতগুলো ক্লিনিক আছে, আগামী সাত দিনের মধ্যে সবগুলো আমরা পরিদর্শন করব। যেখানে যে অনিয়ম আছে, আমরা অ্যাকশনে যাব। জনগণ যাতে ভালো স্বাস্থ্যসেবা পায়, এটা নিশ্চিত করাই আমাদের পরিদর্শনের লক্ষ্য।’
মন্ত্রী আরও বলেন, যেখানে সেবার মান উন্নত করার সুযোগ আছে, সেখানে তা করা হবে। তবে গভীর অবহেলা দেখা গেলে অফিশিয়ালি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ত্রুটি সংশোধনের জন্য প্রথমে নোটিশ দেওয়া হবে। যন্ত্রপাতির অভাব থাকলে সেগুলো সংগ্রহের জন্য সময় বেঁধে দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন (লাইসেন্স) পেতে ও নবায়ন করতে যেসব শর্ত পূরণ করা আবশ্যক, নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো হালনাগাদ করতে না পারলে সংশ্লিষ্ট হাসপাতাল বা ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।
জনগণের স্বাস্থ্যসেবাকে ক্ষতিগ্রস্ত করে কারও ব্যক্তিগত সুবিধার কারণে দুর্নীতির আশ্রয় নিয়ে আমরা ক্লিনিক খোলা রাখব, এটা অসম্ভব, বলেন তিনি।
সরদার মো সাখাওয়াত হোসেন বকুল বলেন, এবার ঈদে হাসপাতালে রোগীরা ভালো সেবা পেয়েছে।
এএইচ
