সংকট নেই, মানুষ আতঙ্কে পাম্পে হুমড়ি খেয়ে পড়ছে: জ্বালানি মন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২৩ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার
দেশে এখন পর্যন্ত জ্বালানির সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রী। মানুষ আতঙ্কে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ার কারণে জ্বালানির সংকট শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রয়োজনের তুলনায় মানুষ বেশি তেল মজুদ করছে- এই কারণে কয়েকটি পাম্প বন্ধ করতে বাধ্য হচ্ছে। মানুষ যাতে বেশি তেল মজুদ না করে সেই আহ্বান জানান মন্ত্রী।
জ্বালানি মন্ত্রী বলেন, তেলের দাম বাড়ানো নিয়ে কাজ করে এনার্জি রেগুলেটরি কমিশন। তবে এখন পর্যন্ত তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
তেল সংকটে কারো গাড়ি বন্ধ হয়ে যায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ঈদের মধ্যে যে সবাই বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ হয়েছে? ঈদটা গেল কোনো তো অসুবিধা হয় নাই, তেলের জন্য কোনো অসুবিধা হইছে? তাহলে আমার মনে হয় যে, এখন কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষকে বুঝতে হবে, অকারণে মজুত করার কোনো দরকার নাই।
তিনি বলেন, ‘সংকট তো আমরা তৈরি করি নাই। আমরা ইমপোর্ট করি। পৃথিবীতে একটা গোলমাল লেগেছে, সেজন্য সবাইকে তো সাশ্রয়ী হতে হবে।’
এএইচ
