ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

মাদারীপুরে পৃথক ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু 

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার

মাদারীপুরে পৃথক ঘটনায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ঘটনায় স্বজনহারা পরিবারগুলোর মাঝে চলছে শোকের মাতম। 

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর সদরসহ বিভিন্ন উপজেলার এ ঘটনা ঘটে।

মাদারীপুর পৌর শহরে নিখোঁজের একদিন পর জেলা খাদ্য অফিসের পুকুর থেকে সকাল সাড়ে ৯টার দিকে রাজিন ইয়াসার সামি (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের পাঠককান্দি এলাকার এনায়েত হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, পৌর শহরের বাসা থেকে সোমবার দুপুরে বের হওয়ার হয়। দীর্ঘসময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে খোঁজ না পেয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

মঙ্গলবার সকালে পৌর সংলগ্ন জেলা খাদ্য অফিসের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

নিহত রাজিন বুদ্ধি প্রতিবন্ধি ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবার জানিয়েছে রাজিন বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। কিভাবে পানিতে পরে রাজিন মারা গেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। পরিবারের লোকজনও এ বিষয়টি কোন ধারণা দিতে পারেনি। এটি সাধারণ মৃত্যু নাকি হত্যাকান্ড তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। 

এদিকে মাদারীপুরে কালকিনিতে ঈদে নানা বাড়িতে বেড়াতে এসে সকালে পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে রমজান এবং একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে মোহাম্মদ। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে পূর্ব ডুমুরিয়া এলাকায় নানা দুখাই হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে এই দুই শিশু। মঙ্গলবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাবিরা বানী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মেয়ে জামাই বাড়িতে জমিজমা বিরোধের সালিশে যাওয়ায় জাকির শেখ (৪৫) নামে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের দাবি। আর এ ঘটনাটি ঘটেছে উপজেলার আমগ্রাম এলাকায়। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আমিনুল ইসলাম শেখ বলেন, এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনা এখনো পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এএইচ