ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার: প্রতিমন্ত্রী নুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৬:২৯ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানিয়েছেন, বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার।

প্রতিমন্ত্রী জানান, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে গমনেচ্ছুক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ব্যাংক সলভেন্সি বা আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ঋণ সুবিধাটি আমাদের মন্ত্রণালয়ের বিশেষায়িত ‘প্রবাসী কল্যাণ ব্যাংক’-এর মাধ্যমে প্রদান করা হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি জানান, প্রধানমন্ত্রী জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দিয়েছিলেন। তার ফলোআপ হিসেবে আজ এ বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বিশেষ করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশগামী শিক্ষার্থীরা যাতে ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি জটিলতায় না পড়ে, সেজন্য প্রধানমন্ত্রী এই ঋণের ব্যবস্থা করতে বলেছেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘তবে এই ঋণ নগদ আকারে হাতে দেওয়া হবে না; বরং টিউশন ফি বা অন্যান্য প্রয়োজনীয় পেমেন্টের ক্ষেত্রে সরাসরি সাপোর্ট হিসেবে কাজ করা যাবে।’

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে আমাদের শ্রমবাজার বা রেমিট্যান্সে দীর্ঘমেয়াদি কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। সাময়িক কিছু সমস্যা হলেও যুদ্ধ পরবর্তী পুনর্গঠন কাজে বাংলাদেশের বিপুলসংখ্যক জনশক্তির চাহিদা তৈরি হবে। সেখানে নতুন কর্মসংস্থানের বড় সম্ভাবনা আমরা দেখছি।’

শ্রমবাজারের সিন্ডিকেট ও উচ্চ অভিবাসন ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, সরকার আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে অভিবাসন ব্যয় সুনির্দিষ্ট করে দেওয়ার কাজ করছে। এটি চূড়ান্ত হলে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ হবে।

মালয়েশিয়া ও ভিয়েতনামের শ্রমবাজার দ্রুত চালুর বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই ইতিবাচক সাড়া পাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

জাপান ও ইউরোপে শ্রমবাজার প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, জাপানে ১ লাখ লোক পাঠানোর বিষয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত বাস্তবায়নে ‘জাপান সেল’ গঠন করা হয়েছে। এ ছাড়া ইউরোপের যেসব দেশের ভিসার জন্য ভারতে যেতে হয়, সেসব দেশের কনসুলার সেবা যাতে ঢাকা থেকেই নিশ্চিত করা যায়, সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে কয়েকটি দেশ বাংলাদেশে কনসুলার সেবা দেওয়া শুরু করেছে।

দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি কারিগরি কারণে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশগামী ফ্লাইটের যে জটিলতা তৈরি হয়েছিল, সে বিষয়ে প্রধানমন্ত্রী ও বিমান মন্ত্রীকে অবহিত করা হয়েছে। প্রবাসীদের যাতায়াত নির্বিঘ্ন করতে তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মূলধারার গণমাধ্যমে মন্ত্রণালয়গুলোর সক্রিয়তা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

এমআর//