ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান বাকের জোলকাদর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলায় আলী লারিজানি নিহত হওয়ার পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব হিসেবে মোহাম্মদ বাকের জোলকাদরকে নিয়োগ দেয়া হয়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মোহাম্মদ বাকের জোলকাদরকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (জাতীয় নিরাপত্তা পরিষদ) নতুন প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।

মোহাম্মদ বাকের জোলকাদর রেভল্যুশনারি গার্ডসের সাবেক কমান্ডার। তিনি অতীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফে উপপ্রধান এবং বিচার বিভাগের প্রধানের অপরাধ প্রতিরোধবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি কট্টরপন্থী রাজনৈতিক জোট পপুলার ফ্রন্ট অব ইসলামিক রেভল্যুশনারি ফোর্সেসের নির্বাচনি সদর দপ্তরের প্রধান ছিলেন। তিনি ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর ইরানের বিচার বিভাগের কৌশলবিষয়ক উপপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া ২০২২ সাল থেকে তিনি এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমআর//