ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

টাঙ্গাইলে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৬:১১ পিএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার

টাঙ্গাইলের কালিহাতীতে কবরস্থানের জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নাইম হোসেন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

নিহত নাইম হোসেন রামদেবপুর গ্রামের ওসমান আলীর ছেলে এবং হাতিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কবরস্থানের জমি নিয়ে প্রায় আড়াই মাস ধরে কমিটি-সওদাগার গ্রুপের সঙ্গে মণ্ডল ও সিদ্দিক গ্রুপের বিরোধ চলছিল। এর আগে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটে। স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধানের চেষ্টা করা হলেও বিরোধ মীমাংসা হয়নি। এমনকি গত ঈদেও দুই পক্ষ আলাদাভাবে ঈদের নামাজ আদায় করে।

মঙ্গলবার রাতে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বুধবার সকালে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাইমসহ অন্তত ছয়জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, কবরস্থানের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমআর//