ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার
ইসরায়েল দাবি করেছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, বুধবার রাতে পরিচালিত এক অভিযানে তাংসিরি ও বেশ কয়েকজন উচ্চপদস্থ নৌ-কমান্ডার নিহত হয়েছেন।
কাৎজের দাবি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করার জন্য পরিচালিত বোমা হামলার নেপথ্যে ছিলেন তাংসিরি।
তিনি সতর্ক করে বলেন, এই অভিযান ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের জন্য একটি সুস্পষ্ট বার্তা। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের খুঁজে বের করে নিশ্চিহ্ন করবে।
তাংসিরির নিহতের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক স্বীকারোক্তি পাওয়া যায়নি।
এমআর//
