ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১২ ১৪৩২

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান হেরে যাওয়ায় সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল। 

সমীকরণ ছিল গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান হেরে গেলে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে; এবং বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হবে।

সেই সমীকরণ অনুসারে বৃহস্পতিবার (২৬ মার্চ) টিকে থাকার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তান ৩-০ গোলে হেরে যায়। পাকিস্তান হেরে যাওয়ায় সুবিধা হয়েছে বাংলাদেশর।

টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল পাকিস্তান। এখন গ্রুপের শেষ ম্যাচে আগামী শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচটি মূলত গ্রুপ সেরা হওয়ার লড়াই। পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জেতায় গোল ব্যবধানে কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

সমীকরণের বিচারে শনিবারের ম্যাচটি ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থেকে ভারত গ্রুপ সেরা হবে। অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।

গ্রুপ সেরা হতে পারলে সেমিফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ থাকবে দুই দলের জন্যই। এখন ফুটবল প্রেমীদের নজর শনিবারের সেই হাইভোল্টেজ লড়াইয়ের দিকে, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চাইবে বাংলাদেশ।

এমআর//