নবীন পাঞ্জাবির দোকান বন্ধের ঘটনায় ওসির নি:শর্ত ক্ষমা প্রার্থনা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ রবিবার | আপডেট: ০২:১৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ রবিবার
রাজধানীর মগবাজার এলাকায় নবীন ফ্যাশনের পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষের ঘটনায় নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে স্বশরীরে হাজির হয়ে জবাব দাখিল করেন। একইসঙ্গে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন ওসি।
নবীন ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় গত বুধবার একই আদালত তাকে তলব করে এ বিষয়ে ব্যাখা দিতে তিনদিন সময় দেয়। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি খুলে দিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়।
বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্ব:প্রনোদিত হয়ে এ আদেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে রোববার স্বশরীরে হাজির হন ওসি গোলাম মর্তুজা। তিনি জবাব দাখিল করে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন। এ বিষয়ে আদেশ অপেক্ষমাণ রেখেছেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মারজিন জানান, ওসি গোলাম মর্তুজা আদালতে হাজির হয়ে জবাব দাখিল করেন এবং নি:শর্ত ক্ষমা চান। আদালত তার বক্তব্য শুনেছেন। নবীন ফ্যাশন বন্ধের দিনে কয়েকজন নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্ধু, স্বজন মর্মে পরিচয় দেন। তাদের বিষয়ে রাষ্ট্রপক্ষের মতামত চেয়েছেন আদালত।
এ ঘটনায় ওসি গোলাম মর্তুজাকে হাতিরঝিল থানা থেকে সরিয়ে দেয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
এএইচ
