জাবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা,ক্ষতিপূরণ দিলো ঠিকানা পরিবহন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৪ পিএম, ২৯ মার্চ ২০২৬ রবিবার | আপডেট: ০৯:১৫ পিএম, ২৯ মার্চ ২০২৬ রবিবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে আটক রাখা ‘ঠিকানা পরিবহন’-এর ছয়টি বাস ১৬ ঘণ্টা পর ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মধ্যস্থতায় ২৫ হাজার টাকা ক্ষতিপূরণের বিনিময়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী ৫৩তম ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী আল মামুন জানান, শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশমাইল এলাকা থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন তিনি। ডেইরি গেটে নামতে চাইলে বাসের হেলপার তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে এবং জাবির শিক্ষার্থীদের বাসে না তোলার কথা বলে। একপর্যায়ে আরেক হেলপার তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তার হাঁটু, হাত ও মাথায় আঘাত লাগে।
ঠিকানা পরিবহনের ম্যানেজার মো. কবির হোসাইন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আহত শিক্ষার্থীর চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, মালিকপক্ষ তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণের প্রতিশ্রুতি দিয়েছে। ক্ষতিপূরণের মধ্যে ১২ হাজার টাকা চিকিৎসা ব্যয় এবং ১৩ হাজার টাকা এক মাসের খরচ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও জানান, ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে এ ধরনের ঘটনার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, ঘটনার প্রতিবাদে শনিবার রাতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী ঠিকানা পরিবহনের ছয়টি বাস আটক করে।
এমআর//
