ঢাকা, সোমবার   ৩০ মার্চ ২০২৬,   চৈত্র ১৬ ১৪৩২

আমির হামজার নামে ১শ কোটি টাকার মানহানি মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার | আপডেট: ০৫:১০ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে ১০০ কোটি টাকার মানমাহির মামলা হয়েছে। 

সোমবার (৩০ মার্চ)  দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

বাদী অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বলেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে জড়িত। ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আমির হামজা তাকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে তার মানহানি করেছেন। এ ঘটনায় দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা জানান, ইকবাল হাসান মাহমুদ টুকুর পারিবারিক ও রাজনৈতিক পরিচিতি রয়েছে এবং তিনি একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাকে ‘নাস্তিক’ বলে আখ্যা দেওয়ায় তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি তথ্য-উপাত্তসহ আদালতে উপস্থাপন করা হয়েছে।

এদিকে, মন্ত্রীকে নিয়ে এমন বক্তব্যে সিরাজগঞ্জের আইনজীবীরা ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তারা অভিযুক্ত আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এমআর//