সংসদ এলাকায় ঘোলা পানি, ‘পেট খারাপ হয়েছিল’ চিফ হুইপের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০৭ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার
সংসদ ভবন এলাকায় পানির সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি বলেন, পানির সমস্যা বেশি। গত দুই-তিনদিন ধরে ঘোলা পানি পাওয়া গেছে। এ কারণে আমার নিজের পেটও খারাপ হয়েছে। ঘোলা পানির সমস্যা সমাধানের জন্য সরকারকে বলা হবে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ ভবনে সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান চিফ হুইপ।
তিনি জানান, সংসদ এলাকায় দৈনিক ১ কোটি লিটার পানির চাহিদা থাকলেও বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র ২৭ লাখ লিটার। চাহিদার তুলনায় এই বিশাল ঘাটতির কারণে সংকট ঘনীভূত হচ্ছে।
১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ দেয়া হবে বলেও জানান চিফ হুইপ। তিনি বলেন, প্রয়োজনীয় জিনিসপত্র বলতে কিছুই নেই। কিছু নষ্ট হয়েছে, সেগুলো ঠিক করেছি আমরা। সংসদ সদস্যদের নিরাপত্তাসহ সব বিষয়ে পরিপূর্ণভাবে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের আশ্বস্ত করতে চাই, তারা খুব শিগগিরই বাসায় উঠতে পারবেন।
সংসদের হাসপাতালের বিষয়ে বৈঠকে কথা হয়েছে জানিয়ে কমিটির সভাপতি বলেন, আমাদের একটা আইসিইউ অ্যাম্বুলেন্স প্রয়োজন। লাশবাহী ফ্রিজিং গাড়ি চাই।
সংসদের সাউন্ড সিস্টেম এখনও কাজ করছে না জানিয়ে চিফ হুইপ বলেন, আমরা সাউন্ড সিস্টেমকে উন্নত করার চেষ্টা করছি। সেটা না পারলে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে। কিন্তু এ সাউন্ড সিস্টেম যাতে কাজ করে সে চেষ্টা করা হচ্ছে। সাউন্ড সিস্টেম বিভ্রাট নিয়ে গঠিত তদন্ত কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানান চিফ হুইপ।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ প্রমুখ।
এমআর//
