ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬,   চৈত্র ১৬ ১৪৩২

চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৬ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের আঁধারে অবৈধভাবে খালাসের সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর-কয়রাডাঙ্গা মোড় এলাকায় স্থানীয়রা একটি তেলবাহী ট্রাক্টর আটক করলে পরে পুলিশ এসে তা জব্দ করে।

আটককৃতরা হলেন—আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের শামসুল ইসলামের ছেলে টিটন আলী (৩৭), চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে আলী হোসেন (৫৩), পীরপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে রায়হান (২৮) এবং দৌলতদিয়া এলাকার মৃত আবু হোসেনের ছেলে মোজাম হোসেন (৫০)।

বাংলাদেশ পুলিশ জানায়, ভোররাতে কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে একটি ট্যাংক লরি থেকে ড্রামে তেল ভরার সময় অভিযান চালিয়ে ৮ ব্যারেল পেট্রোলসহ একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়। একই সঙ্গে ট্যাংক লরিটিও আটক করা হয়েছে।

জব্দ করা ট্যাংক লরি ও ব্যারেলে প্রায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তেলগুলো দেশের অন্য কোনো জেলা থেকে আনা হয়েছিল।

এমআর//