ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬,   চৈত্র ১৬ ১৪৩২

ফরিদপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪১ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী জোসনা বেগমকে (২১)  কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রাশেদ মোল্যাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলার অপর ধারায় তাকে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে উভয় ধারার সাজা তিনি একই সঙ্গে ভোগ করতে পারবেন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভিন এ রায় ঘোষণা করেন।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত রাশেদ মোল্যা (৩১) ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ঘোরাদাহ গ্রামের লতিফ মোল্যার ছেলে। নিহত জোসনা বেগম একই উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের সৈয়দ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা।

আদালত ও মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে পারিবারিকভাবে জোসনা বেগম ও রাশেদ মোল্যার বিয়ে হয়। বিয়ের পর রাশেদের দাবিতে নগদ ৫০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। পরবর্তীতে জোসনার স্বর্ণের চেইন ও কানের দুল বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করে রাশেদ, যা দিয়ে তিনি মাদক সেবন করতেন।

২০২০ সালের ১৬ জুলাই আবারও স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন রাশেদ। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি জোসনা বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে গুরুতর দগ্ধ হন জোসনা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ১৭ জুলাই ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওইদিনই জোসনার বড় ভাই জলিল শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রাশেদের পাশাপাশি তার বড় ভাই হাসিব মোল্লাকেও আসামি করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত রাশেদ মোল্যাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেন। তবে অপর আসামি হাসিব মোল্লার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

এমআর//