স্বর্ণের দাম বাড়াল বাজুস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪২ এএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এর মধ্যদিয়ে ৯০ দিনে মূল্যবান এই ধাতুর দাম রেকর্ড ৫১ বার সমন্বয় করলো সংগঠনটি। এর মধ্যে ৩০ বার দাম বাড়ানো এবং ২১ বার কমানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।
বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা।
গেল মার্চ মাসে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে ১৬ বার। মাসের মাঝামাঝি সময়ে টানা সাত দফায় ৩৫ হাজার ৫৭৫ টাকা কমানোর ফলে দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায় নেমে আসে, যা ক্রেতাদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছিল। তবে মার্চ মাসের শেষ তিন দফায় ফের দাম বাড়তে শুরু করে। ৩১ মার্চ সর্বশেষ সমন্বয় করে বাজুস। দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়।
এপ্রিল শুরুর দিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাজুস।
এএইচ
