মেহেরপুর সীমান্তে মজুতকৃত ৫ হাজার লিটার ডিজেল জব্দ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ১১:১০ এএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার
মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম দক্ষিণ শালিকা গ্রামের পশ্চিম পাড়ায় ফারাবী ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করে।
এসময় ফারাবী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ভারতীয় সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামের একটি দোকানের গোডাউনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার গোডাউন থেকে অবৈধভাবে মজুদকৃত ড্রাম ভর্তি ২৬টি ব্যারেলে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়।
অভিযান পরিচালনার সময় মজুদকৃত তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় ফারাবী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সুফিয়ান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
এএইচ
