ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৯ ১৪৩২

ভুয়া চাহিদাপত্রে তেল নিতে গিয়ে ধরা খেল ফায়ার সার্ভিসের ৪ কর্মী

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৭ এএম, ২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

রাজশাহীতে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল নিতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী ধরা পড়েছে। পরে দেওয়া তেল ফেরত নিতে বাধ্য হয় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। 

বুধবার দুপুরে পবা উপজেলার নওহাটা হাবিব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ওই কর্মীরা সরকারি প্রয়োজন দেখিয়ে তেল নিলেও পরে জানা যায়, তারা ব্যক্তিগত ব্যবহারের জন্য তা সংগ্রহ করছিলেন।

এয়ারপোর্ট থানার ওসি মাছুমা মুস্তারী জানান, ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের সেকেন্ড অফিসার রবিউল আলমসহ চারজন একটি সরকারি গাড়িতে ড্রাম (ব্যারেল) নিয়ে ফিলিং স্টেশনে যান। সেখানে রবিউল আলমের স্বাক্ষরিত একটি চাহিদাপত্র দেখিয়ে প্রথমে ২০০ লিটার পেট্রোল এবং পরে আরও ১০০ লিটার অকটেন নেয়।

এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তারা বিষয়টি যাচাই করেন। পরে ফিলিং স্টেশনের ইনচার্জের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায়, অফিসের কোনো আনুষ্ঠানিক চাহিদা ছিল না। এরপর নেওয়া তেল ফেরত নেওয়া হয়। 

ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি।

নওহাটা ফায়ার স্টেশনের ইনচার্জ ওয়ারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার বলেন, তিনি ছুটিতে থাকায় দায়িত্বে থাকা কর্মীরাই এ কাজ করেছেন। ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য চাহিদাপত্র দেখিয়ে তেল নেওয়া ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার এবং ভুয়া চাহিদা দেখানো- দুইটিই নিয়মবহির্ভূত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ