হোম অফিস চালুর চিঠিটি ভুয়া, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:৫০ পিএম, ২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে হোম অফিস চালুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে তিন দিন অফিস পরিচালনা সংক্রান্ত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো চিঠি জারি করা হয়নি।
এ ধরনের ভুয়া তথ্য বা চিঠি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হোম অফিস সংক্রান্ত একটি ভুয়া পত্র ছড়িয়ে পড়ে। যেখানে বলা হয়, আগামী ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর কর্মচারীরা সপ্তাহের দুদিন ওয়ার্ক ফর্ম হোম বা বাড়ি থেকে কাজ করবেন। বাকি তিন দিন অফিস খোলা থাকবে। এই তিন দিন হলো রবি, সোম ও মঙ্গলবার। বুধ ও বৃহস্পতিবার কর্মচারীরা কাজ করবেন বাড়ি থেকে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।
এএইচ
