আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভ্যান ডার ডুসেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যান রেসি ফন ডার ডুসেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সঙ্গে হাইব্রিড কেন্দ্রীয় চুক্তিতে থাকা এই ক্রিকেটার ২০২৬-২৭ মৌসুমের জন্য নতুন করে চুক্তিতে সই করেননি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) আবেগঘন এক বার্তায় ইনস্টাগ্রাম পোস্টে ডুসেন লেখেন, ‘অত্যন্ত গর্ব ও গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রোটিয়া জার্সি গায়ে দেয়াটা আমার জীবনের সর্বোচ্চ সম্মান। এই পথচলা অদম্য সহনশীলতা ও নিবেদনের পরীক্ষা নিয়েছে, যা আমাকে অবিশ্বাস্য সব অর্জনে ভরিয়ে দিয়েছে।’ একইসঙ্গে, পরিবার, কোচ, সতীর্থ এবং ভক্তদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ৩৭ বছর বয়সী ডুসেন।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, এখনই তিনি পুরোপুরি মাঠ ছাড়ছেন না। ঘরোয়া ক্রিকেটে নিজের দল ‘লায়ন্স’ এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ডুসেন। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকার পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের মেন্টর ও কোচিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানান এ তারকা ব্যাটার।
উল্লেখ্য, ২০২৫-এর ১৬ই আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ডুসেনের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকলো। ২০১৮তে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারের ভরসা হয়ে ওঠেন ডুসেন। দেশের জার্সিতে ১৮টি টেস্ট, ৭১টি ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন তিনি। ওয়ানডেতে ৫০.১৩ গড় নিয়ে এবি ডি ভিলিয়ার্সের (৫৪.১৭) পর প্রোটিয়াদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গড়ের মালিক হিসেবে ক্যারিয়ার শেষ করলেন ডুসেন। ২০২৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৩ রানের ইনিংসটি তার ক্যারিয়ারের সেরা পারফরম্যানসগুলোর একটি। এছাড়া, ২০১৯-এ বিশ্বকাপে দলের বিপর্যয়ের মাঝেও তিনটি ফিফটি হাঁকান তিনি।
এমআর//
