ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৯ ১৪৩২

যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম জামিন আবেদন উপস্থাপন করেন। অপরদিকে, বাদীপক্ষের আইনজীবী জসীম উদ্দিন জামিনের বিরোধিতা করেন।

প্রসিকিউশনের এসআই তাহমিনা আক্তার জানান, উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত শর্তসাপেক্ষে এই জামিন মঞ্জুর করেন। এ সময় মামলার বাদীও আদালতে উপস্থিত থেকে জামিনের বিরোধিতা করেন।

এর আগে, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ভুক্তভোগী ছাত্রী অভিযোগ দায়ের করলে পরদিন সকালে গুলশান এভিনিউ এলাকা থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির দিন নির্ধারণ করেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার শেখার সূত্রে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে সম্পর্কের অবনতি ঘটলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অভিযোগে বলা হয়েছে, গত ২৭ মার্চ একটি ফটোশুটের কথা বলে আসামি ভুক্তভোগীকে তার গুলশানের বাসায় ডাকেন। সেখানে গেলে তাকে জোরপূর্বক যৌন নিপীড়ন ও মারধরের শিকার হতে হয় বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর কৌশলে সেখান থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন ভুক্তভোগী ছাত্রী।

এমআর//