সিরাজগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে বাস উল্টে নিহত ৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪১ পিএম, ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার
সিরাজগঞ্জের নলকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি দ্রুতগামী বাস নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং অন্তত ২১ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার রাখি বেগম এবং নওগাঁর বদলগাছি উপজেলার রাকিবুল ইসলাম।
চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এমআর//
