ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

‘চীনের দুঃখ হোয়াংহো, আর জামায়াতের দুঃখ আমির হামজা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার | আপডেট: ০৫:৪৮ পিএম, ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার

জামায়াতের সংসদ সদস্য আমির হামজাকে নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা তাহসিন রিয়াজ। তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তাহসিন রিয়াজ লিখেছেন, ‘চীনের দুঃখ হোয়াংহো, আর জামায়াতের দুঃখ হামজা (আমির হামজা পড়ুন)।’ তার এ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

একই দিনে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত একটি সেমিনারেও সরকারের সমালোচনা করেন তিনি। ছাত্রশিবির আয়োজিত ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাহসিন রিয়াজ।

সেমিনারে তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে। সাংবিধানিক প্রক্রিয়ার আড়ালে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্যদের ভূমিকাও সমালোচনা করে তাহসিন রিয়াজ বলেন, সাংবিধানিক কাঠামোর কথা বলে অনেক সময় বিষয়গুলো একটি নির্দিষ্ট ছকের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, যা সাধারণ মানুষের জন্য চ্যালেঞ্জ তৈরি করে।

তিনি আরও দাবি করেন, দেশ বর্তমানে ভোটাধিকার সংকটের দ্বিতীয় পর্যায়ে রয়েছে এবং সংবিধান ও সংসদের কাঠামো ব্যবহার করে নাগরিক অধিকার খর্ব করা হচ্ছে।

এমআর//