আরডিএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ড. আব্দুল মজিদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ০৭:১৯ পিএম, ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার
বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।
শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সহকারী সচিব কুতুব উল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. আব্দুল মজিদ ২০০৪ সালে সহকারী পরিচালক হিসেবে পল্লী উন্নয়ন একাডেমিতে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২১ বছরের অভিজ্ঞতায় তিনি দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা খাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তার নেতৃত্বে চরাঞ্চলে বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ হয়েছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাপরিচালক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি চীন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
গবেষক হিসেবে তার অর্ধশতাধিক গবেষণা প্রবন্ধ বিভিন্ন জার্নাল ও প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। সম্প্রতি তিনি জাতীয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাওয়ার্ড লাভ করেন, যা তার পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতি।
এমআর//
