বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৪ এএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার | আপডেট: ১০:০৬ এএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার
ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে স্বীকার করেছেন মার্কিন এক কর্মকর্তা। সেই যুদ্ধবিমানে পাইলটদের খুঁজতে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয়েছে।
ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন হেলিকপ্টারটি ভূপাতিত হয় বলে উল্লেখ করেছে মেহর নিউজ এজেন্সি।
ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার মার্কিন কর্মকর্তার
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। নিখোঁজ পাইলটদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স, নিউইয়র্ক টাইমস ও এক্সিওস এ তথ্য জানিয়েছে।
পৃথক এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নিখোঁজ পাইলটকে উদ্ধারে অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে ইরানি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ভূপাতিত বিমানের পাইলটদের খুঁজতে তল্লাশি শুরু করেছে মার্কিন বাহিনী।
মার্কিন পাইলটদের ‘জীবিত’ আটকে পুরস্কার ঘোষণা ইরানের
ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের ‘জীবিত’ আটক করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইরানের দক্ষিণাঞ্চলীয় কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশের গভর্নর ইদোল্লাহ রাহমানি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনার প্রতিবেদনে এ কথা জানানো হয়। গভর্নর রাহমানি এও বলেন, ‘যারা শত্রু বাহিনীর সদস্যদের জীবিত আটক বা হত্যা করতে পারবে, তাদের গভর্নর কার্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে।’
এদিকে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই প্রদেশের ব্যবসায়ীরা আমেরিকার এই ‘অনুপ্রবেশকারী’ পাইলটদের খুঁজে বের করার জন্য ১০ বিলিয়ন ইরানি মুদ্রা (প্রায় ৫০ হাজার পাউন্ড) পুরস্কার ঘোষণা করেছেন।
একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে, দাবি যুক্তরাষ্ট্রের
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, মার্কিন বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ওই ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এএইচ
