ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

রামেকে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০২ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার | আপডেট: ০৩:০৪ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৩ জন মারা গেছে। এনিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়ার সংখ্যা দাঁড়াল ৩৮ জনে।

শনিবার দুপুরে রামেক মুখপাত্র ডাঃ শংকর কে বিশ্বাস এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার দুপুর বারোটা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৩ শিশু মারা গেছে। যাদের বয়স ৫ থেকে ৭ বছর পর্যন্ত। এ সময় নতুন করে রোগী ভর্তি রয়েছে ২৫ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩ জন। শনিবার দুপুর ১২টায় হাসপাতালে হামের সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন শিশু ভর্তি রয়েছে ১৪৯ জন। এদের মধ্যে চারজন বয়স্ক। 

এনিয়ে এখন পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তি হয়েছে ৩৭৭ জন। যাদের মধ্যে মারা গেছে ৩৮ জন।

এদিকে, শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ ও আইসিইউ পরিদর্শন করেছে সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় তারা হামের উপসর্গে আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজ-খবর নেন। 

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন গণমাধ্যমকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সুদৃষ্টি রয়েছে। আমরা আশা করি, রামেক হাসপাতাল এবং শিশু হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি করা হবে।’

তিনি আরো বলেন, রামেক হাসপাতালে আইসিইউ বেড সংকট রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে। হাম রোগের চিকিৎসাসহ সার্বিক ক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশন রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।

রাসিক প্রশাসক বলেন, সারাদেশের তুলনায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় হামের প্রাদুর্ভাব তুলনামূলক কম। আমরা সচেতন ও সর্তক থাকায় এটি সম্ভব হয়েছে। আশা করছি, সকলের সম্মলিত প্রচেষ্টায় আমরা এটি নিয়ন্ত্রণে রাখতে পারবো। ইপিআই কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশন কর্তৃক হাম রোগের টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। এটি অব্যাহত থাকবে। যে ওয়ার্ডে হামের প্রাদুর্ভাব বেশি বৃদ্ধি পাচ্ছে, সেখানে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, হাম রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। শুক্রবার (৩ এপ্রিল) থেকে একযোগে নগরীর ৩০টি ওয়ার্ডে লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চলমান রয়েছে। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

রাসিক প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে নিয়মিত টিকা কার্য্যক্রম চলছে। বর্তমানে তাদের কাছে হামের ৮ হাজার টিকা মজুদ রয়েছে। রোববার থেকে ৬৪টি স্থানে টিকা দেওয়া হবে। 

পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম উপস্থিত ছিলেন।

এএইচ