সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের বরণে ছাদখোলা বাসে শোভাযাত্রা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১৪ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই অর্জন উদযাপনে চ্যাম্পিয়ন যুবাদের জন্য ছাদখোলা বাসে আনন্দ শোভাযাত্রা ও জমকালো সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ট্রফি নিয়ে দেশে পৌঁছাবেন সাফজয়ী ফুটবলাররা।
বাফুফে জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে বরণ করে নিতে ছাদখোলা বাসে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি বিমানবন্দর থেকে শুরু হয়ে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে।
এর আগে সাফজয়ী নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল। এবার সেই সম্মান পাচ্ছেন বয়সভিত্তিক দলের ফুটবলাররাও।
শোভাযাত্রা শেষে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।
শনিবার দুপুরে বাফুফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ফুটবলে এই ঐতিহাসিক সাফল্য উদযাপনের অংশ হিসেবে সমর্থক ও সাধারণ জনগণকে শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এমআর//
