ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন হবে: নাহিদ ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

শনিবার (৪ এপ্রিল) ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো দ্রুত আইনে রূপান্তর করা প্রয়োজন। অন্যথায় বিএনপি স্বৈরশাসনের পথে হাঁটতে পারে, যা জনগণ মেনে নেবে না। 

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি গণভোট ও গুম প্রতিকারসহ গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ মেনে নিতে অনীহা দেখাচ্ছে। এসব আইন সবার জন্যই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এগুলো বাতিল হলে সংশ্লিষ্ট কেউই দায় এড়াতে পারবে না। 

এ সময় ১১ দলের চলমান বিক্ষোভ সমাবেশের প্রতিও পূর্ণ সমর্থন জানান তিনি। এমনকি তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। 

নাহিদ ইসলাম বলেছেন, দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। অন্তর্বর্তীকালীন সরকার ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছে। এখন মূল অধ্যাদেশগুলো বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে দলটি। সংস্কার প্রশ্নে ড. ইউনূসকেও মাঠে নামার আহ্বান জানাই। তার সরকারের উপদেষ্টাদেরও এ নিয়ে মুখ খুলতে হবে।

তিনি আরও বলেন, মানুষের রক্তের ওপর দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছিলাম। তারা আমাদের নিরাশ করেছে। তাই যতটুকু অর্জন, তা ধরে রাখতে তাদেরও মাঠে নামতে হবে।

এমআর//