ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী তৃতীয় দফায় রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

মানব পাচার আইনে রাজধানীর পল্টন থানায় করা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির উপপরিদর্শক (এসআই) মো. রায়হানুর রহমান চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শনিবার (৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলায় দ্বিতীয় দফায় ১১ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে ফের চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. রায়হানুর রহমান।

এর আগে, গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পাঁচ দিনের রিমান্ড শেষে গত ২৯ মার্চ আবার ৬ দিনের রিমান্ডে পাঠানো হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে অতি সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ৬ দিনের সময় স্বল্পতার কারণে পাওয়া তথ্যের ভিত্তিতে এজেন্সিগুলো নির্বাচনের পদ্ধতি, এফডব্লিউসিএসএমের অপারেশনাল কার্যক্রম, ২০২২-২০২৪ সালে মালয়েশিয়ায় কতজন কর্মী প্রেরণ করেছে, এই আসামির এজেন্সির মাধ্যমে প্রেরিত যাত্রীদের মধ্যে কতজন ফেরত এসেছে, মেডিকেল ফি বাবদ কত টাকা গ্রহণ করেছে, ওয়ার্ক পারমিট পাওয়ার পত্রগুলো সম্পর্কে আসামিকে সম্মুখে জিজ্ঞাসাবাদে আসামির নিকট হতে পুরোপুরি তথ্য পাওয়া যায়নি। ছয় দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

আরও বলা হয়, আসামি এজেন্সির মাধ্যমে প্রেরিত যাত্রীদের মধ্যে কতজন ফেরত এসেছে তার তথ্য, মেডিকেল ফি বাবদ কত টাকা গ্রহণ করেছে, পলাতক আসামি গ্রেপ্তার, আত্মসাৎ টাকা উদ্ধার, অন্যন্য আসামিদের গ্রেপ্তার, ওয়ার্ক পারমিট পাওয়ার ডকুমেন্টগুলো পর্যালোচনার জন্য আসামিকে নিজ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার জন্য ফের চার দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।

আসামি পক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলামের বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন আফিয়া ওভারসিজের প্রোপাইটর আলতাব খান।

এমআর//