দেবিদ্বারে শ্লীলতাহানির মামলায় ছাত্রশক্তির নেতা কারাগারে
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ৫ এপ্রিল ২০২৬ রবিবার
কুমিল্লার দেবিদ্বারে সিএনজি চালকের স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাত্র সংগঠন ছাত্রশক্তির নেতা মেহেদী হাসান তানজিমকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার বিকালে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে মেহেদী হাসান তানজিমকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামের সিএনজি চালক আকাশ মিয়া পরিবারসহ ভাড়া থাকেন অভিযুক্ত মেহেদী হাসান তানজিমের বাড়িতে। শনিবার সন্ধ্যায় আকাশ মিয়ার স্ত্রীকে বাড়িতে একা পেয়ে মেহেদী হাসান তানজিম শ্লীলতাহানি করেন বলে অভিযোগ উঠে।
এ সময় স্থানীয় লোকজন ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মেহেদী হাসান তানজিমকে ঘরে আটকে রাখেন। পরবর্তীতে স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর আপত্তি সত্ত্বেও জোরপূর্বক মেহেদী হাসান তানজিমকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসেন।
ওই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ভিংলাবাড়ি এলাকায় তার নিজ বাড়ি থেকে মেহেদী হাসান তানজিমকে গ্রেফতার করে। রোববার বিকালে তাকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃত মেহেদী হাসান তানজিম দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে মেহেদী হাসান তানজিমকে গ্রেফতার করা হয়েছে। পরে রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এএইচ
