ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৩ ১৪৩২

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার

শিক্ষকদের জন্য অন্যান্য পেশা থেকে আলাদা একটি পে-স্কেল নির্ধারণের পক্ষে মত দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি প্রায় ১৭ বছর পর শিক্ষকদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের আর্থিক সহায়তা অন্য খাতের সঙ্গে তুলনা করে নির্ধারণ করা ঠিক হবে না। এ ধরনের তুলনা থেকে বিভিন্ন জটিলতা, যেমন মামলা বা আন্দোলনের সৃষ্টি হতে পারে।

তিনি উল্লেখ করেন, এই পে-স্কেল বেশি না কম—তা মূল বিষয় নয়; বরং এর স্বতন্ত্র কাঠামো থাকাই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। প্রায় ১৭ বছর পর এ বছর ১০ শতাংশ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী ঈদুল আজহার আগেই তা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, সরকার বিষয়টি বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে কাজ করছে এবং দ্রুত সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা চলছে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বজি হাজ্জাজ জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল পুনর্গঠন নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নেও কাজ করা হচ্ছে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষকদের আর্থিক সুবিধা বৃদ্ধি পাবে এবং পেশাগত মর্যাদা আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এমআর//