ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৩ ১৪৩২

নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৩ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর সৈকত (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) বিকেলে উত্তর নরসিংপুর এলাকার হাসেম স্পিনিং মিলের পাশের একটি পরিত্যক্ত স্থানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত সৈকত গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বড় গোবিন্দপুর এলাকার বাসিন্দা রঞ্জু মিয়ার ছেলে। তার বাবা পেশায় রাজমিস্ত্রি এবং মা একজন গার্মেন্টস কর্মী। তারা পরিবারসহ ওই এলাকায় ইবলাম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, শিশুটির মরদেহ মাথা থেঁতলানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার আগে শিশুটিকে নির্যাতন করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এমআর//