৬ মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৩ এএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১২:১৫ পিএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জুলাই সংক্রান্ত ৬টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে আদালতে তোলা হবে তাকে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি ডিসি (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন।
তিনি জানান, আজ (৭ এপ্রিল) ভোর ৪টায় ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতারের পর ভোর ৫টায় তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এম এন নাসিরউদ্দীন বলেন, আমরা যতদূর জানতে পেরেছি তার বিরুদ্ধে রাজধানীর বনানী ও উত্তরা থানায় জুলাই সংক্রান্ত ঘটনার মামলা রয়েছে। এছাড়া রংপুরেও তার বিরুদ্ধে মামলা আছে।
এদিকে অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, আজ দুপুরে শিরীন শারমিন চৌধুরীকে আদালতে তোলা হবে। তবে তাকে রিমান্ড চাওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনও হয়নি বলেও জানান তিনি।
জানা যায়, শিরীন শারমিনের বিরুদ্ধে রয়েছে রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) হত্যা মামলা। ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে শিরীন শারমিনসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন রংপুর শহরের পূর্ব গনেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ সময় পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হলে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আসামিদের চাপে মরদেহের ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে দাফন করে তার পরিবার।
মামলার অন্য আসামিরা হলেন- রংপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাছিমা জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক আবদুল হক প্রামাণিক, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদাত হোসেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিয়ার রহমান ও সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আবদুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুরের সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হুসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আবু আশরাফ সিদ্দিকীর নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও অনেককে অজ্ঞাত আসামি করা হয় ওই মামলায়।
একই হত্যা মামলায় ২০২৪ সালের ২৮ আগস্ট দিবাগত রাতে রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এই মামলা ছাড়া শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে বাকি মামলা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এএইচ
