ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৪ ১৪৩২

আল্টিমেটাম রাজপথে দেয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে সম্ভব নয়। এখানে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও  সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলামকে উদ্দেশ করে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ভোলায় জামায়াতের নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় সংসদে নিন্দা জানান রফিকুল ইসলাম। তিনি অফিস সময়ের মধ্যেই মামলা প্রত্যাহার করে সাওদার মুক্তি দাবি করে আল্টিমেটাম দেন।

এর প্রেক্ষিতে স্পিকার বলেন, ‘এটি কোনো পয়েন্ট অফ অর্ডার নয়। এ ব্যাপারে বিরোধীদলের নেতার সাথে কথা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে ফেসবুকে জ্বালানি তেল সংকট ও একটি ফটোকার্ড শেয়ার করার অভিযোগে রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে ভোলায় নিজ বাসা থেকে জামায়াতকর্মী সাওদা সুমিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর আজ আদালত তার জামিন মঞ্জুর করেন।

এএইচ