রিমান্ড-জামিন নামঞ্জুর, শিরীন শারমিন কারাগারে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:১০ পিএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৪:২৭ পিএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) আনা হয়।
গণ-অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় শিরীন শারমিন চৌধুরীকে দুই দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অপরদিকে আসামিপক্ষ রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
পরে শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন দুটিই নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর দেশ দেন।
এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি।
জানা গেছে, ধানমন্ডির ওই বাসাটি শিরীন শারমিন চৌধুরীর চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শিরীন শারমিন চৌধুরী জনসমক্ষ থেকে আড়ালে চলে যান। এর আগে গুঞ্জন উঠেছিল, ৫ আগস্ট ছাত্র-জনতা সংসদ ভবনে প্রবেশের সময় তিনি ভবনটির একটি গোপন কক্ষ বা বাংকারে আশ্রয় নিয়েছিলেন।
এরপর থেকে তিনি কোথায় ছিলেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল। তিনি দেশে আছেন, নাকি বিদেশে পালিয়ে গেছেন, সেটা নিয়েও নানা কথা ছড়িয়েছিল। তবে দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর আজ ভোররাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
এএইচ
