ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৪ ১৪৩২

প্রথমবার ইউরোপীয় দলের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

বাংলাদেশ ফুটবলের জন্য নতুন খবর। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এটি হবে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। খেলা হবে সান মারিনোতে।

আগামী ১১ জুন মাঠে গড়াবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের আসর। তার আগে রয়েছে একটি আন্তর্জাতিক উইন্ডো। এ সময়টাকে কাজে লাগিয়েছে বাফুফে।

মঙ্গলবার (৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে সান মারিনোতে খেলার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভেন্যু ও ম্যাচের সময় পরে জানানো হবে।

সান মারিনো ইতালির নিকটবর্তী ছোট এক দেশ। ইউরোপের দেশ হলেও ফুটবলে তেমন একটা সমৃদ্ধ নয় তারা। তাদের ফিফা র‍্যাঙ্কিং ২১১। বর্তমানে ফুটবলে সক্রিয় দেশের মধ্যে সবচেয়ে নিম্ন।

অন্যদিকে বাংলাদেশের র‌্যাঙ্কিং এখন ১৮১তম। অর্থাৎ ইউরোপে খেলার স্বাদ নিতে গিয়ে ৩০ ধাপ নিচে এবং র‌্যাঙ্কিংয়ের সবচেয়ে নিম্ন দলের সাথে খেলবে বাংলাদেশ। এমতাবস্থায় ইউরোপ সফরের ব্যয় ও ৩০ ধাপ নিচের দলের বিপক্ষে খেলে র‌্যাঙ্কিংয়ে প্রভাব কতটুকু কার্যকর হয় সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও বাফুফে তাদের প্রেস বিজ্ঞপ্তিতে এই ম্যাচটিকে ‘ঐতিহাসিক’ হিসেবে দাবি করেছে।।

উল্লেখ্য, ২০০০ সালে লন্ডনে ভারত ও পাকিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ—যা ছিল ইউরোপ মহাদেশে। সে হিসেবে এই সফরকে ‘প্রথম ইউরোপ সফর’ বলা না গেলেও, প্রথমবার যে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামছে- তা নিশ্চিত।

অন্যদিকে এই ম্যাচটি ঐতিহাসিক মাইলফলক হতে যাচ্ছে সান মারিনোর জন্যও। তাদের ইতিহাসে প্রথমবার খেলবে কোনো এশিয়ান দলের বিপক্ষে। ফলে ম্যাচটি নিয়ে দুই দেশের ফুটবল ফেডারেশনই উচ্ছ্বসিত।

এমআর//