ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল নেবে ২ দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪ এএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

হরমুজ প্রণালি পুনরায় সম্পূর্ণভাবে খুলে দেওয়ার শর্তে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতি চলাকালীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনা করছে ইরান ও ওমান। 

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির সূত্র দিয়ে এ খবর দিয়েছে সিএনএন। 

প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহের জন্য ঘোষিত এই যুদ্ধবিরতি চলাকালে এই নৌপথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নির্দিষ্ট হারে ফি আরোপের বিষয়ে দেশ দুটি একমত হয়েছে।

তাসনিম নিউজ জানিয়েছে, জাহাজ চলাচল থেকে সংগৃহীত এই অর্থ পুনর্গঠন কাজের জন্য বরাদ্দ করা হবে।  

হরমুজ প্রণালি দিয়ে পারাপারের জন্য প্রতিটি জাহাজ থেকে ইরান ২০ লাখ ডলার (প্রায় ২৪ কোটি টাকা) পর্যন্ত ফি দাবি করছে বলে তথ্য রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বা কোম্পানি এই বিশাল অংকের অর্থ পরিশোধ করেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমান উভয়েরই আঞ্চলিক অধিকার রয়েছে। এই প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ হিসেবে বিবেচিত। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত বন্ধ রয়েছে। 

এদিকে পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে আলোচনার পর ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “আমি ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার সঙ্গে সম্মত।” 

তিনি আরও যোগ করেন, “এটি হবে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি।”

মার্কিন প্রেসিডেন্টের শর্ত অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হবে শুধুমাত্র ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ, তাৎক্ষণিক ও নিরাপদভাবে পুনরায় খোলার বিষয়ে সম্মত হলে।

এই ঘোষণা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনের প্রচেষ্টার অংশ হিসেবে এসেছে।

এএইচ