ডিআইইউতে সফটওয়্যার টেস্টিং ও কোয়ালিটি অ্যাসিউরেন্স বিষয়ক সেমিনার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার
ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার টেস্টিং ও কোয়ালিটি অ্যাসিউরেন্স বিষয়ে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড টেস্টিং ক্লাবের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীদের টেকনিক্যালভাবে দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে সফটওয়্যার টেস্টিং ও কোয়ালিটি অ্যাসিউরেন্সের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বাস্তবভিত্তিক দক্ষতা, ইন্ডাস্ট্রি সংযোগ এবং ক্যারিয়ার প্রস্তুতির মাধ্যমে একটি সক্ষম ও ভবিষ্যতমুখী ট্যালেন্ট পুল গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এতে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফসাইকেলে কোয়ালিটি অ্যাসিউরেন্সের বাস্তব ভূমিকা এবং আন্তর্জাতিক অঙ্গনে এর প্রয়োগ সম্পর্কেও ধারণা দেওয়া হয়। পাশাপাশি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেকে ও দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেমিনারে আরও জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বর্তমান প্রযুক্তি উন্নয়নের ধারায় শিক্ষার্থীদের আরও যোগ্য করে তুলতে কাজ করে যাচ্ছে ক্লাবটি। ইতোমধ্যে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে নিয়ে যাত্রা শুরু করলেও অচিরেই এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এমআর//
