নীতিমালা বাতিলের দাবি
৮৮ হাজার খুচরা সার বিক্রেতার কর্মসংস্থান নিয়ে শঙ্কা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার
২০২৫ সালের বৈষম্যমূলক নীতিমালা বাতিল করে ৮৮ হাজার খুচরা সার বিক্রেতার কর্মসংস্থান রক্ষার দাবি জানিয়েছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএ)। এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, ২০০৯ সাল থেকে সরকারি অনুমোদন ও কার্ডধারী খুচরা বিক্রেতা হিসেবে তারা দেশের প্রায় ৫ কোটি কৃষকের দোরগোড়ায় নিরাপদে সার পৌঁছে দিয়ে আসছেন। কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে তারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তবে সম্প্রতি প্রণীত ২০২৫ সালের নীতিমালার মাধ্যমে ৮৮ হাজার অনুমোদিত খুচরা বিক্রেতার লাইসেন্স বাতিল করা হয়েছে বলে দাবি করা হয়। এতে সংশ্লিষ্ট বিক্রেতা ও তাদের ওপর নির্ভরশীল পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সংগঠনটির দাবি, অনেক বিক্রেতা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। হঠাৎ করে এ পেশা বন্ধ হয়ে গেলে তারা ঋণের বোঝায় পড়বেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি এই খাতে কর্মরত বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষের জীবিকাও হুমকির মুখে পড়বে।
এছাড়া তারা জানান, ইতোমধ্যে বিভিন্ন জেলা ও উপজেলায় মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।
স্মারকলিপিতে আরও বলা হয়, প্রায় ২৫ বছর ধরে কৃষকদের সেবা দিয়ে আসা এই বিক্রেতারা জীবনের শেষ পর্যায়ে এসে কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় রয়েছেন। তাই মানবিক দিক বিবেচনায় নীতিমালাটি পুনর্বিবেচনা করে তাদের বৈধ কার্ড বহাল রেখে পুনরায় ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি ও কার্যকর উদ্যোগ তাদের এই সংকট থেকে উত্তরণের পথ তৈরি করবে।
এমআর//
