ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ এলো দেশে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৮ এএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলার ধ্বংসাবশেষ পড়ে সংযুক্ত আরব আমিরাত নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ ফ্লাইটযোগে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
বিমানবন্দরে প্রবাসী শাহ আলমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শামা ওবায়েদ বলেন, ‘শাহ আলমের মরদেহ কুমিল্লায় নিয়ে যেতে এবং দাফনের জন্য খরচ দেবে সরকার। তার পরিবারের পাশে সরকার রয়েছে। ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটাও দেখা হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ চায় এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক এবং বিশ্বে যে সমস্যা তৈরি হয়েছে ডিপ্লোমেসির মাধ্যমে সে সমস্যার সমাধান হোক।’
আমিরাতের বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন।
মধ্যপ্রাচ্য সংঘাতে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। দেশে ফিরেছে ৫ জনের মরদেহ। একটি মরদেহের অবস্থা করুণ থাকায় সেখানেই দাফন করা হয়েছে, অন্যটি আনার প্রক্রিয়া চলছে।
এএইচ
