ঢাকা, শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণা, আইএসপিআরের সতর্কবার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়েছে। এ বিষয়ে দেশের সাধারণ জনগণকে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, প্রতারকরা ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদবির ভুয়া পরিচয় দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রতারকরা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে প্রোফাইল হিসেবে ব্যবহার করছে এবং সেই পরিচয়ের আড়ালে বিশ্বাস অর্জন করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থা ব্যক্তিগতভাবে এ ধরনের যোগাযোগ করে না। কেউ যদি নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন বা বার্তার মাধ্যমে ভয় দেখায় কিংবা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে, তবে সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরসহ দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের প্রতারণা সম্পর্কে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে আইএসপিআর বলেছে, প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআর//