ঢাকা, শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

বিএনপি প্রমাণ করলো হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো: বিরোধীদলীয় নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:০০ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিএনপি প্রমাণ করলো হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো।’

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সংসদ অধিবেশন শেষে বিরোধী দলের পক্ষ থেকে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এই সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার মুখে পরিবর্তনের কথা বললেও কার্যত পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের বিতর্কিত ও গণবিরোধী নীতিগুলোই বাস্তবায়ন করে যাচ্ছে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ‘গণবিরোধী’ বিল পাসের প্রতিবাদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে।

ওয়াকআউটের আগমুহূর্তে স্পিকারের অনুমতি নিয়ে ফ্লোর পান ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুঃখজনক হলেও সত্য যে, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়েকটি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। জনগণের স্বার্থ পরিপন্থী এসব সিদ্ধান্তের প্রতিবাদে আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।”

সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একতরফাভাবে নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, বিশেষ পরিস্থিতির অজুহাতে আওয়ামী লীগ সরকারের আমলের অধ্যাদেশগুলোকে যেভাবে আইনে রূপান্তর করা হচ্ছে, তা গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকিস্বরূপ।

এদিন অনুষ্ঠিত শেরপুর ও বগুড়া উপ-নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ৯৪ সালে মাগুরায় যে কলঙ্কিত নির্বাচন হয়েছিল, আজ বগুড়া ও শেরপুরে একই ধরনের 'স্টাইল' দেখা গেছে। দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা আবারও প্রমাণিত হলো। শেরপুর-৩ আসনে আমাদের একজন কর্মীকে হত্যার পর আজ আরেকজন কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা এই খুনিদের বিচার দাবি করছি।"

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ও বিরোধী জোটের শীর্ষস্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তারা একযোগে সরকারের এই 'গণবিরোধী' অবস্থানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এমআর//