পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানি প্রতিনিধি দল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪০ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে আসা ইরানি প্রতিনিধিদলের সদস্যরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
পাকিস্তান সরকারের সূত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছে। তবে ইরানি প্রতিনিধি দল ও পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
ইরানের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন জানিয়েছে, এই বৈঠকটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার বিস্তারিত বিষয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে, তাতে মধ্যস্থতা করছেন শাহবাজ শরিফ ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যুদ্ধবিরতি আলোচনায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা উচিত
পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল বিবিসিকে বলেছেন, "ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা উচিত।"
তার মতে, "এই প্যাকেজে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’ থাকা উচিত, অর্থাৎ আলোচনা চলাকালীন সময়ে পাকিস্তান আশা করে যে ইসরায়েল এই ঐতিহাসিক সুযোগটি নষ্ট করবে না।"
আহসান ইকবাল বলেন, "অঞ্চলের এক অংশ রক্তে ভেজা থাকবে আর অন্য অংশ আলোচনার অধীনে থাকবে, এটা হতে পারে না। আমি মনে করি ইসরায়েলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং আলোচনার আগে কোনো ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করা উচিত হবে না।"
তিনি আরও জানান, পাকিস্তান বিবাদমান পক্ষগুলোকে একটি চুক্তিতে আনতে সর্বাত্মক চেষ্টা করবে এবং তার মতে, যদি পক্ষগুলো যুদ্ধবিরতি বাড়াতে এবং আরেক দফা আলোচনায় সম্মত হয়, তবে সেটিকেই একটি সফল অগ্রগতি হিসেবে দেখা হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব, তবে ইসরায়েলের সঙ্গে নয়
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, “ইসলামাবাদে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়, তাহলে এমন একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা উভয় পক্ষের পাশাপাশি বিশ্বের জন্যও উপকারী হতে পারে।”
সামাজিকমাধ্যম এক্সে সম্প্রতি তার প্রকাশিত এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, তবে আলোচনায় যদি ইসরায়েলপন্থি প্রতিনিধিরা উপস্থিত থাকেন, তাহলে কোনো চুক্তি সম্ভব হবে না।
তিনি আরও বলেন, “সেক্ষেত্রে প্রতিরক্ষামূলক পদক্ষেপ আগের চেয়েও বেশি তীব্রভাবে অব্যাহত থাকবে, যার ফলে বিশ্বকে আরও বড় মূল্য দিতে হবে।”
এএইচ
