ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৮ ১৪৩২

পহেলা বৈশাখে আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০০ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

পহেলা বৈশাখে দেশের আবহাওয়ার অবস্থা কেমন থাকতে পারে তার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) অর্থাৎ পহেলা বৈশাখের দিনে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার (১১ এপ্রিল) সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বাড়তে পারে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এএইচ